ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন মেগা প্রজেক্ট ‘রকস্টার’-এ অভিনয়ের মাধ্যমে নতুন আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা এড়াতে নিজের ‘প্রথম প্রেম’ সংক্রান্ত প্রশ্নটি কৌশলে এড়িয়ে যান মিথিলা।
প্রথম প্রেম প্রসঙ্গে মিথিলা বলেন, “ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হওয়ার কোনো আগ্রহ আমার নেই।” প্রেমের বর্তমান অস্তিত্ব নিয়ে তিনি আরও যোগ করেন যে, এই বয়সে এসে প্রথম প্রেমের স্মৃতি কারো থাকে বলে তিনি মনে করেন না। তবে বর্তমানে তিনি কোনো সম্পর্কে আছেন কি না, তা নিয়ে কিছুটা রহস্য জিইয়ে রেখে বলেন, “মেবি আছে অর মেবি নাই।”
এই মুহূর্তে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে নিজের ক্যারিয়ার এবং নতুন কাজকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন মিথিলা। শাকিব খানের সাথে ‘রকস্টার’-এ কাজ করাকে তিনি একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। তাঁর ভাষ্যমতে, “এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য বড় একটি অপরচুনিটি এবং আমি এখানে আমার সেরা আউটপুট দিতে চাই। এই মুহূর্তে ভালোবাসা নিয়ে আলাদা করে ভাবার সময় নেই।” পেশাগত ব্যস্ততার মাঝেই নিজেকে নতুনভাবে প্রমাণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।