বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তীর পরিবারে এখন উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় মিঠুনের দত্তক কন্যা দিশানি চক্রবর্তীর বাগ্দান ও বিয়ের খবর। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের (Miles Mantzaris) সাথে আংটি বদলের মিষ্টি কিছু ছবি শেয়ার করে দিশানি লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে সহজ ও নিশ্চিত সঙ্গী।’ আর এই আনন্দের খবরের হাত ধরেই নতুন করে আলোচনায় এসেছে দিশানির রূপকথার মতো জীবনকাহিনি।
দিশানির এই জীবনের গল্প যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। জন্মের ঠিক পরপরই কলকাতার এক আবর্জনার স্তূপের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করার পর বিষয়টি সংবাদমাধ্যমে আসে এবং তা নাড়া দেয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও তার স্ত্রী যোগিতা বালির মনকে। ঘরে তিন ছেলে (মিমোহ, উশমেয় ও নমাশি) থাকার পরও এই দম্পতি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফুটফুটে সেই কন্যাসন্তানকে দত্তক নেন। পরিবারের সবার আদরে বড় হওয়া দিশানিকে মিঠুন সব সময়ই নিজের জীবনের অন্যতম বড় আশীর্বাদ হিসেবে গণ্য করেছেন।
বাবার মতো বলিউডের চেনা পথে না হেঁটে দিশানি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলেসের নিউইয়র্ক ফিল্ম একাডেমি এবং লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন তিনি। এরপর হলিউডে নিজের ক্যারিয়ার গড়ার লড়াই শুরু করেন। অভিনয়ের পাশাপাশি ‘গিফট’, ‘হলি স্মোক’, ‘আন্ডারপাস’ ও ‘দ্য গেস্ট’-এর মতো বেশ কিছু প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চিত্রনাট্য ও প্রযোজনার কাজও করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা দিশানির হবু স্বামী মাইলস ম্যান্টজারিসও চলচ্চিত্র জগতের সাথে যুক্ত। তিনি মূলত একজন স্টেডিক্যাম অপারেটর, সিনেমাটোগ্রাফার ও কালারিস্ট হিসেবে আন্তর্জাতিক স্তরে কাজ করছেন। একেবারেই ঘরোয়া ও রোমান্টিক আবহে মাইলস হাঁটু গেড়ে বসে দিশানিকে বিয়ের প্রস্তাব দেন। আংটি বদল শেষে এই তারকা যুগলের বিয়ের তারিখও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৬ ডিসেম্বর, ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দিশানি ও মাইলস। একসময় ভাগ্যের নির্মমতায় ফেলে যাওয়া সেই শিশুই আজ নিজের যোগ্যতা ও পরিবারের ভালোবাসায় আন্তর্জাতিক অঙ্গনে সফল এক মানুষ।