দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে অসংখ্য সাফল্য অর্জন করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি অন্যান্য ভাষার চলচ্চিত্রেও অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এই তারকা। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এবার তাঁর অর্জনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি সম্মাননা। পাচ্ছেন ডি. লিট উপাধি।

আগামী ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। ওই আয়োজনেই মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হবে ডি. লিট সম্মাননা। একই অনুষ্ঠানে বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ডি.এসসি সম্মাননা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বিজ্ঞানী ও অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিশিষ্ট এই তিন ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছেছে। সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতিও শুরু হয়েছে।

ডি. লিট বা ডক্টর অব লেটারস মূলত সাহিত্য, কলা, বিজ্ঞান ও সৃজনশীল ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। এটি একটি উচ্চতর একাডেমিক সম্মাননা। অন্যদিকে ডি.এসসি বা ডক্টর অব সায়েন্স বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

উল্লেখ্য, অভিনয়ের স্বীকৃতি হিসেবে ভারতের একাধিক রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন মিঠুন চক্রবর্তী। ২০২৪ সালে তাঁকে দেওয়া হয় পদ্মভূষণ। এর আগে ২০২২ সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পেয়েছেন দেশটির চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডি. লিট সম্মাননা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে নতুন এক অর্জন।