অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় তাঁর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তানজিন তিশা আদালতে হাজির হননি। পাশাপাশি মামলা করার পরও ফেসবুকে বাদীকে নিয়ে কটূক্তি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেছেন সানায়া।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, তিশার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন সানায়া। তাঁর অভিযোগ ছিল, একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়ে ফেরত দেননি অভিনেত্রী। তদন্ত শেষে পিবিআই গত ২৫ মে চূড়ান্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানায়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে সানায়ার নারাজি আবেদন মঞ্জুর করে গত ২৫ অক্টোবর সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দেন আদালত।
এর পরদিন, ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে নতুন মামলা করেন সানায়া। তাঁর দাবি, আগের মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দিয়েছেন অভিনেত্রী। এমনকি পল্লবীর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন তিনি।