ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোড়ন তুলেছিল থ্রিলার সিরিজ ‘মহানগর’। ২০২১ সালে প্রকাশিত প্রথম কিস্তিতে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় যেমন প্রশংসা কুড়ায়, তেমনি আশফাক নিপুনের নির্মাণশৈলীও দর্শকদের নজর কাড়ে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ২০২৩ সালের ২০ এপ্রিল আসে ‘মহানগর ২’। তবে দ্বিতীয় কিস্তির শেষ দৃশ্যই দর্শকদের সামনে রেখে যায় একগুচ্ছ প্রশ্ন ও অপেক্ষা।

সিরিজের শেষদিকে ওসি হারুনের গুলিবিদ্ধ হওয়া এবং ‘এমপি রজব আলী’ চরিত্রে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাটকীয় উপস্থিতি নতুন রহস্যের জন্ম দেয়। এরপর থেকেই ‘মহানগর ৩’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে ওঠে। কিন্তু সময় পেরিয়ে গেলেও নতুন সিজনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না আসায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছিলেন অনির্বাণ নিজেই। ‘মহানগর ২’ এ ক্যামিও চরিত্রে অভিনয়ের পর তিনি সামাজিক মাধ্যমে পরিচালক আশফাক নিপুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “গল্প এখানে শেষ হয়নি! দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি!” সেই বার্তা ভক্তদের মনে নতুন সিজনের আশাকে আরও জোরালো করেছিল।

তবে এখন পরিস্থিতি ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মহানগর ৩’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনির্বাণ জানান, দ্বিতীয় কিস্তির শেষে খুব ছোট একটি চরিত্রে কাজ করেছিলেন তিনি। তার ভাষায়, নিপুন তাকে জানিয়েছিলেন তৃতীয় সিজনে তিনি এবং মোশাররফ করিম পুরো গল্পজুড়েই থাকবেন। কিন্তু এরপর আর নতুন কোনো অগ্রগতির খবর পাননি অভিনেতা।

হাস্যরসের সুরে খানিকটা আক্ষেপও ঝরে পড়ে তার কথায়। অনির্বাণ বলেন, মাঝেমধ্যে উদ্যোগের খবর শোনা গেলেও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য নেই। তবে তিনি এখনো এই সিরিজে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে, ‘মহানগর ৩’ এর ভবিষ্যৎ নিয়ে জানতে নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে সিরিজটির পরবর্তী কিস্তি আদৌ নির্মিত হবে কি না, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে দর্শকদের মনে।

যদিও ‘মহানগর ৩’ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবু কাজের ব্যস্ততায় ভাটা নেই অনির্বাণের। কলকাতার চলচ্চিত্র ও ওয়েব অঙ্গনের অন্যতম ব্যস্ত এই অভিনেতা নিয়মিতই নতুন প্রকল্পে কাজ করছেন। নিজের অভিনয়জীবনের উত্থান-পতনের জন্য টালিগঞ্জের প্রতি কৃতজ্ঞতা জানালেও বাংলাদেশের কাজের প্রতি তার আলাদা টান রয়েছে।

বাংলাদেশের অভিনয়শিল্পী ও নির্মাতাদের কাজের প্রতি মুগ্ধতার কথাও তিনি প্রকাশ করেছেন। বিশেষ করে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করেন তিনি। পাশাপাশি তরুণ নির্মাতা নুহাশ হুমায়ুনের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করে মজা করে বলেন, “বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি।”