নব্বই দশকের জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী Mohini দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ১৯৯৪ সালের তামিল চলচ্চিত্র ‘কানমানি’ নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অভিনেত্রীর দাবি, ওই ছবির একটি সুইমস্যুট দৃশ্যে কাজ করতে গিয়ে তিনি চরম মানসিক চাপের মুখে পড়েছিলেন। তার ভাষায়, দৃশ্যটি করতে তিনি শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন এবং এক পর্যায়ে কান্নাকাটি করে শুটিং বন্ধও করে দেন।

মোহিনী আরও জানান, তিনি সাঁতার জানতেন না এবং শুটিং সেটে নারী প্রশিক্ষকের অনুপস্থিতিতে পুরুষ প্রশিক্ষকদের সামনে ওই দৃশ্যে কাজ করতে তিনি খুবই অস্বস্তি বোধ করেছিলেন। পরে আপত্তি ও অনিচ্ছা সত্ত্বেও তাকে দৃশ্যটি করতে বাধ্য করা হয় বলে তিনি দাবি করেন।

পরবর্তীতে একই ধরনের আরেকটি দৃশ্যের পরিকল্পনা হলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি আর এমন কাজ করবেন না, প্রয়োজনে শুটিং বন্ধ হলেও সেটি নির্মাতাদের বিষয়।

অভিনেত্রী জানান, ‘কানমানি’ তার ক্যারিয়ারের একমাত্র সিনেমা যেখানে তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গ্ল্যামারাস দৃশ্যে কাজ করেছিলেন। তার মতে, এই বিতর্কিত অংশগুলোর কারণে ছবিতে তার অভিনয়ের প্রকৃত মূল্যায়ন অনেকটাই আড়ালে পড়ে যায়।

তবে এখনো পর্যন্ত সিনেমাটির নির্মাতা বা সংশ্লিষ্ট কেউ এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। মোহিনীর এই বক্তব্য আবারও চলচ্চিত্র জগতে শিল্পীদের কাজের পরিবেশ ও সম্মতি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।