ফুরফুরানগরীর চেনা শান্ত পরিবেশে এবার হানা দিয়েছে আগুনের গোলার মতো অদ্ভুত সব ভিনগ্রহবাসী, আর তাদের মোকাবিলায় একজোট হয়েছেন মটু, পাতলু ও ইন্সপেক্টর চিঙ্গাম। জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘মটু পাতলু’-র রোমাঞ্চকর পর্ব ‘ফায়ার বল এলিয়েন্স’-এ দেখা যায় জ্বলন্ত এলিয়েনদের তাণ্ডব থামাতে বন্ধুদের বুদ্ধি, সাহস আর হাস্যরসে ভরা লড়াই।

গল্পে দেখা যায়, ফুরফুরানগরীতে হঠাৎই ছোট ছোট জীবন্ত আগুনের গোলার মতো দেখতে এলিয়েনের আবির্ভাব ঘটে। সামনে যা পাচ্ছে তাই গিলে খাওয়া এবং শহরে আগুন ছড়িয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিকে মটু যখন সিঙাড়ার চিন্তায় বিভোর, তখন পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠেন ইন্সপেক্টর চিঙ্গাম ও ফুরফুরানগরীর বাসিন্দারা। এরপর ডক্টর ঝটকার পরামর্শ, পাতলুর চতুর পরিকল্পনা, চিঙ্গামের কড়া মেজাজ আর মটুর অ্যাকশনে শুরু হয় জ্বলন্ত এলিয়েনদের বিরুদ্ধে জমজমাট লড়াই। শেষ পর্যন্ত কৃত্রিম বৃষ্টির মাধ্যমে আগুনের এই বিপদ থামিয়ে শহরকে রক্ষা করে তারা।