বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার এর দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করার পর থেকেই তাদের বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।

গুঞ্জনের সূত্র ধরে অনলাইনে দাবি করা হচ্ছে, নতুন বছরের শুরু থেকেই নাকি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এমনকি সুরজের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং আর্থিক অনিয়মের অভিযোগও ঘুরছে সামাজিক মাধ্যমে। যদিও এসব বিষয়ে এখনো কোনো প্রমাণ সামনে আসেনি।

এদিকে বিষয়টি আরও আলোচনায় আসে যখন জানা যায়, দিশা পাটানি ও নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে সুরজ নাম্বিয়ারকে আনফলো করেছেন। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়।

তবে এতসব জল্পনার মাঝেই অবশেষে মুখ খুলেছেন মৌনী রায়। গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করে তিনি লেখেন, “সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।”

যদিও এই পোস্টে বিচ্ছেদের গুঞ্জন পুরোপুরি অস্বীকার বা নিশ্চিত কোনোটিই করেননি অভিনেত্রী। ফলে ভক্তদের কৌতূহল এখনো কাটেনি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মৌনী রায়। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্‌যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম পরিচয় হয় মৌনী রায়সুরজ নাম্বিয়ার-এর। এরপর ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। প্রায় দুই বছর প্রেমের পর পরিবারের সম্মতিতে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জাঁকজমক আয়োজনে বিয়ে করেন তারা।