ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেত্রী ৫৩ বছরে পা দিলেন। বিশেষ দিনটি এবারও যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে কাটাচ্ছেন তিনি। প্রায় তিন বছর ধরে দেশটির বাইরে অবস্থান করলেও জন্মদিনে ভক্তদের ভালোবাসায় ভাটা পড়েনি।

মৌসুমীর জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর ফার্মগেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘মৌসুমী ফ্যান ক্লাব’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর স্বামী ওমর সানী। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে স্ত্রীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করছেন তিনি। তবে নিজের আরও একটি উদ্যোগের কথা জানালেও সেটি প্রকাশ করতে চাননি ওমর সানী।

যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী জানিয়েছেন, মা, মেয়ে ও বোনদের সঙ্গে সময় কাটিয়েই জন্মদিন উদ্‌যাপন করবেন। ঘরোয়া আয়োজনের মধ্যেই খাওয়া-দাওয়া ও আনন্দে দিনটি কাটবে। ঢাকায় থাকলে হয়তো আয়োজন কিছুটা ভিন্ন হতো বলেও জানান তিনি। ছোটবেলায় জন্মদিনে বাবা এতিমখানায় খাবার বিতরণ ও অসহায় মানুষকে সহায়তা করতেন। সেই স্মৃতিগুলো এখনো খুব মনে পড়ে তাঁর।

মাত্র ২০ বছর বয়সে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন প্রয়াত সালমান শাহ। পরে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় সালমান শাহর সঙ্গে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। ওমর সানীর সঙ্গে তাঁর জুটি ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘স্নেহের বাঁধন’সহ বেশ কিছু সিনেমায় জনপ্রিয়তা পায়।

মৌসুমীর জীবনে ‘তিন’ সংখ্যাটির সঙ্গে রয়েছে বেশ কিছু কাকতালীয় মিল। তাঁর জন্মদিন ৩ নভেম্বর, নামেও রয়েছে তিনটি অক্ষর। ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘দোলা’তে প্রথমবার ওমর সানীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। অভিনয়জীবনের তৃতীয় বছরেই তাঁদের বিয়ে হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনবার। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এই স্বীকৃতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি তিনটি সিনেমা পরিচালনাও করেছেন মৌসুমী।