ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী-র জন্মদিনে তাঁকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন স্বামী ও অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেওয়ার পাশাপাশি তাঁকে বাংলা চলচ্চিত্রের ‘শেষ মেগাস্টার’ তকমা দিয়েছেন এই অভিনেতা।

জন্মদিনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দূর দেশে থাকলেও সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। স্ত্রীর কয়েকটি ছবির কোলাজ পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’ এর আগে মধ্যরাতের এক ভিডিও বার্তায় গত প্রায় সাড়ে তিন দশক ধরে একসঙ্গে জন্মদিন পালনের স্মৃতিচারণ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ওমর সানী।