তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে রয়েছেন ওমর সানী। তাঁদের দীর্ঘদিন আলাদা থাকার কারণে মাঝেমধ্যে দাম্পত্য সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে পারিবারিক প্রয়োজনেই এই দূরত্ব বলে জানিয়েছেন দুজনেই।

২০২৩ সালের মাঝামাঝি মেয়ের পড়াশোনা ও অসুস্থ মায়ের দেখাশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর মা বয়সজনিত নানা সমস্যায় ভুগছেন। একা চলাফেরা করতে পারেন না, ডিমেনশিয়ার সমস্যাও রয়েছে। তাই মায়ের পাশে থাকতেই দেশে ফেরা হচ্ছে না তাঁর। কাজের ব্যস্ততার কারণে আগে মাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি বলেও জানান মৌসুমী। এখন তাঁর দেখাশোনা করতে পারাকে জীবনের বিশেষ প্রাপ্তি মনে করেন তিনি।

স্ত্রীকে যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছিলেন ওমর সানীও। তাঁর মতে, শাশুড়ির অসুস্থতা ও মেয়ে ফাইজার পড়াশোনার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে এক পডকাস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও তা পাননি। পরে আর চেষ্টা করেননি।

মৌসুমী ও মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে থাকলেও বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইয়ে। বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি ঢাকার মানিকগঞ্জ ও হেমায়েতপুরে রেস্তোরাঁ ব্যবসা নিয়েও ব্যস্ত তিনি।

দুই দেশে থাকলেও মৌসুমী ও ওমর সানীর মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। ভিডিও কলে কথা বলেন পরিবারের সদস্যরা। স্বামীর জন্মদিনে মৌসুমীর ভিডিও শুভেচ্ছা এবং স্ত্রীর জন্মদিনে ওমর সানীর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর বিষয়টিও তাঁদের সম্পর্কের যোগাযোগের কথা তুলে ধরেছে।

যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই মৌসুমী। সেখানে ‘কন্ট্যাক্ট ম্যারেজ’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও অংশ নিচ্ছেন।

দীর্ঘদিন আলাদা থাকার কারণে বিচ্ছেদের যে গুঞ্জন ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছেন ওমর সানী। তাঁর ভাষ্য, প্রায় ৩১ বছরের সংসারে পারিবারিক প্রয়োজনে কিছু সময় আলাদা থাকতে হচ্ছে তাঁদের। ১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেন মৌসুমী ও ওমর সানী। তিন দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনে নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও তাঁরা একসঙ্গেই আছেন।