‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ড জয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

পুরস্কার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তুষি বলেন, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁরা উচ্ছ্বসিত ছিলেন। এশিয়ার গল্পগুলো হলিউডসহ বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার এই মঞ্চের অংশ হতে পারাকে বড় সম্মান হিসেবে দেখছেন তিনি।

এই স্বীকৃতির জন্য মহান আল্লাহ, পরিবার ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ‘রইদ’ নির্মাণ এবং আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত পুরো দলের অবদানকেও এই জয়ের অংশ বলে উল্লেখ করেছেন তিনি।

এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও তিনটি পুরস্কার জিতেছিল ‘রইদ’। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিক বিভাগে স্বীকৃতি পেয়েছিল সিনেমাটি।

‘রইদ’ চলচ্চিত্রে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি বাণিজ্যিকভাবেও সাফল্য পেয়েছে।