ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা পেশাগত কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। বিভিন্ন সময় ব্যক্তিগত অভিজ্ঞতা, উপলব্ধি ও জীবনের নানা ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টে অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন এই কণ্ঠশিল্পী। সালমা পরামর্শ দিয়ে লেখেন, নিজের টাকা-পয়সা নিজের কাছেই রাখা উচিত এবং কাউকে নিজের ভেবে সবকিছু দিয়ে দেওয়া ঠিক নয়। অনেকেই নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে আর খোঁজ রাখে না এমন অভিজ্ঞতার কথাও ইঙ্গিত করেন তিনি। তার মতে, সমাজে এমন মানুষের অভাব নেই।
তবে মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনো বৃথা যায় না বলেও উল্লেখ করেন সালমা। তিনি বলেন, আল্লাহ মানুষের ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন। একই সঙ্গে জীবনের অভিজ্ঞতা থেকে তিনি জানান, সব মানুষ এক রকম নয় যেমন হাতের পাঁচটি আঙুলও সমান নয়। তাই কাছের মানুষ বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
স্ট্যাটাসে জীবনের বাস্তবতা নিয়েও কথা বলেন এই গায়িকা। তার ভাষায়, আসা আর যাওয়ার মাঝের সময়টাই জীবন, আর বাকি অনেক কিছুই ক্ষণস্থায়ী। ক্ষমতাবান বা শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে তাই অহংকার করার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে কিছুটা আক্ষেপের সুরে সালমা লিখেছেন, যখন কারও কেউ ছিল না তখন তিনি পাশে ছিলেন, কিন্তু সময় বদলালে অনেকেই পর হয়ে যায়। যদিও এই কথাগুলো কাকে উদ্দেশ করে বলা তা তিনি স্পষ্ট করেননি।
উল্লেখ্য, সম্প্রতি ভেঙে গেছে মৌসুমী আক্তার সালমা-র দ্বিতীয় সংসার। গত ৩০ ডিসেম্বর তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের সেই অভিজ্ঞতার প্রতিফলনই হয়তো তার সাম্প্রতিক এই পোস্টে উঠে এসেছে।