ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছরের মার্চের শেষ দিকে তিনি জানিয়েছিলেন, স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বছরের শুরুতেই দুজন আলাদা হয়ে যান বলেও সে সময় নিশ্চিত করেছিলেন অভিনেত্রী। বিচ্ছেদের খবরের তিন মাসের মাথায় এবার ভক্ত-অনুরাগীদের জন্য আরও বড় সুখবর নিয়ে হাজির হয়েছেন তিনি। শুধু দ্বিতীয় বিয়ের খবরই নয়, একই সঙ্গে মা হতে যাওয়ার সংবাদও জানিয়েছেন মৌসুমী।
গতকাল ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন এই অভিনেত্রী। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তার বেবিবাম্প। অনুষ্ঠানে তার পাশে ছিলেন বর্তমান স্বামী আবদুল ওয়াদুদ সজীব। দুজনকে একসঙ্গে দেখে উপস্থিত অতিথি ও সহকর্মীদের মধ্যেও তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে নিজের জীবনের নতুন অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে মৌসুমী জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। একসঙ্গে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন। তাই বিশেষ এই আয়োজনের মাধ্যমেই স্বামী ও অনাগত সন্তানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সবার সামনে তুলে ধরেছেন। একই সঙ্গে জীবনের নতুন এই যাত্রায় সবার ভালোবাসা ও দোয়া কামনা করেন তিনি।
মৌসুমী আরও জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। তবে বিষয়টি তারা ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন। তাদের পরিচয় আজকের নয়; প্রায় ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই ধীরে ধীরে ভালো বোঝাপড়া ও পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে। সেই বন্ধুত্বই একসময় জীবনের সঙ্গী হওয়ার সিদ্ধান্তে পৌঁছে দেয় দুজনকে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের চিন্তাভাবনা, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এবং অনেক বিষয়ে মিল ছিল। সেই জায়গা থেকেই মনে হয়েছে, আমরা একসঙ্গে ভালো থাকতে পারব। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ছিল, মৌসুমী হামিদ মা হতে যাচ্ছেন। তবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অবশেষে চরকির অনুষ্ঠানে প্রকাশ্যে হাজির হয়ে নিজেই সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন। ফলে একসঙ্গে দ্বিতীয় বিয়ে ও মাতৃত্বের সুখবর জানিয়ে ভক্ত-অনুরাগীদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে জীবনের নতুন এই অধ্যায় ঘিরে দারুণ উচ্ছ্বসিত মৌসুমী হামিদ। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা সঙ্গে নিয়েই তিনি মাতৃত্বের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন।