দক্ষিণী তারকা নানির বহুপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পরই দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থতার মুখোমুখি হয়েছে। ‘দসরা’খ্যাত পরিচালক শ্রীকান্ত ওদেলার সঙ্গে নানির এই দ্বিতীয় কোলাবরেশনটি বক্স অফিসে ব্যাপক আলোচনার জন্ম দিলেও সমালোচকদের মন জয় করতে পারেনি। তেলেঙ্গানার ঐতিহাসিক বীরাঙ্গনা সমক্কার স্মৃতি ও লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত হলেও দুর্বল গল্প আর অতিরিক্ত সহিংসতার কারণে সিনেমাটি দর্শকদের মাঝে সেই পুরনো চেনা আবহের পুনরাবৃত্তি ঘটিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাল্পনিক ‘প্যারাডাইস’ অঞ্চলের অত্যাচারী সামন্তপ্রভু শিকঞ্জা মালিক (মোহন বাবু)-এর হাত থেকে শোষিত সাবারী উপজাতিকে মুক্ত করার গল্প নিয়ে তৈরি এই ছবি। সমক্কা (সোনালী কুলকার্নি) যখন নিজের মানুষের অধিকার আদায়ে লড়ছেন, তখন তাঁর ছেলে জাডাল (নানি) নিজের পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে ব্যস্ত। তবে তেলুগু সিনেমার গতানুগতিক ধারায় একপর্যায়ে ট্রাইবালদের ‘ত্রাণকর্তা’ বা মেসায়াহ হিসেবে জাডালের আত্মপ্রকাশ ঘটে। গল্পের প্রতিটি মোড় অত্যন্ত অনুমেয় হওয়ায় দর্শকের মধ্যে টান টান উত্তেজনা তৈরিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন পরিচালক।
রিভিউ অনুযায়ী, অনিরুদ্ধ রবিচন্দের সুর করা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি তাঁর সাম্প্রতিক কাজগুলোর তুলনায় বেশ দুর্বল। পাশাপাশি সিনেমা জুড়ে মুড়িমুড়কির মতো মাথা কাটা ও রক্তক্ষয়ী সহিংসতার দৃশ্যগুলো একপর্যায়ে দর্শককে চরম বিরক্ত করে তোলে। নানির দুর্দান্ত অভিনয় সত্ত্বেও গতানুগতিক ‘সেভিয়ার ট্রোপ’ বা রক্ষাকর্তার গল্প এবং দুর্বল চিত্রনাট্যের কারণে ‘দ্য প্যারাডাইস’ কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেনি।