একদিকে লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে জার্সি উঁচিয়ে উদ্‌যাপনের সেই অবিস্মরণীয় রোমাঞ্চ, অন্যদিকে শুটিং স্পটে নতুন বিতর্ক শুরুর শুরুতেই খবরের শিরোনামে উঠে এল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’। লন্ডনের মাটিতে লর্ডস কাণ্ডের পুনর্নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়েছে ছবিটির প্রযোজনা দল। ক্রিকেট মাঠের অপব্যবহার ও নিয়ম অমান্যের অভিযোগে খেসারত গুণতে হচ্ছে স্থানীয় কাউন্টি ক্রিকেট ক্লাবকেও।

প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের লেস্টারশায়ারের বিখ্যাত গ্রেস রোড গ্রাউন্ডে সম্প্রতি চলচ্চিত্রটির বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার মাত্র ৪ দিন আগে টানা শুটিং চালানোই বাঁধে বিপত্তি। অতিরিক্ত গরমের মধ্যেও পিচ ও মাঠ ঢেকে রাখার অনুমতি না পাওয়ায় মাঠের বেহাল অবস্থা তৈরি হয়। প্রধান গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন জানান, শুটের পর তীব্র তাপে পিচে ফাটল ধরে যায় এবং পরবর্তীতে খেলায় বল অস্বাভাবিক ও অসমানভাবে বাউন্স করতে শুরু করে।

এই নিয়ম লঙ্ঘনের দায়ে ডিসিপ্লিনারি কমিটির রায়ে লেস্টারশায়ার ক্লাবের মোট ২৭ পয়েন্ট কাটার পাশাপাশি ৫ হাজার ইউরোর আর্থিক জরিমানা করা হয়েছে। ঐতিহ্যবাহী ক্রিকেটের গৌরবকে কেন্দ্র করে নির্মিত ছবির শুটিংয়েই খেলার মাঠের এমন ক্ষতি করাকে ‘ক্রিকেটের চরম অপমান’ বলছেন অনেকেই। উল্লেখ্য, বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বহুল প্রতীক্ষিত সিনেমায় সৌরভের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলির ভূমিকায় দেখা যাবে তানিয়া মানিকতলাকে।