‘নারুটো’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য আসছে একগুচ্ছ নতুন আয়োজন। নিউইয়র্ক কমিক কনে ঘোষণা করা হয়েছে বৈশ্বিক উদ্যোগ ‘প্রজেক্ট রাসেনগান’। মাঙ্গা, অ্যানিমে, ভিডিও গেম ও ট্রেডিং কার্ড গেমসহ বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের একটি রোডম্যাপও প্রকাশ করা হয়েছে।
এই পরিকল্পনায় রয়েছে মূল স্রষ্টা মাসাশি কিশিমোতোর আঁকা নতুন মাঙ্গা ‘Naruto: Shadow Rising’, চার পর্বের ক্রসওভার অ্যানিমে ‘Naruto x Ninku’, মোবাইল গেম ‘Naruto Mobile’-এর বিশ্বব্যাপী যাত্রা এবং ২০২৭ সালের জুনে ‘Naruto Card Game’ প্রকাশ। পাশাপাশি হলিউডে নির্মাণাধীন লাইভ-অ্যাকশন ‘Naruto’ সিনেমা নিয়েও নতুন তথ্য সামনে এসেছে।
কিশিমোতোর নতুন মাঙ্গা ‘Naruto: Shadow Rising’
‘প্রজেক্ট রাসেনগান’-এর অন্যতম আকর্ষণ হলো মাসাশি কিশিমোতোর আঁকা নতুন মাঙ্গা ‘Naruto: Shadow Rising’। প্রকল্পটির ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি টিজার ভিডিও, যেখানে হিডেন লিফ ভিলেজ এবং পরিচিত চরিত্রদের দেখা যায়।
ভিডিওতে হোকাগে রকের দৃশ্যের মাধ্যমে শুরু হয় উপস্থাপনা। সেখানে আগের ছয়জন হোকাগের মুখাবয়বের পাশাপাশি সপ্তম হোকাগের মূর্তি তৈরির কাজ দেখানো হয়। এরপর হাজির হয় টিম ৭-এর সদস্যরা। নারুতোকে হোকাগে টুপি তুলে ধরতে, কাকাশিকে হাসিমুখে এবং সাসুকেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা যায়। সাকুরার একটি শিশুর দিকে তাকিয়ে থাকার দৃশ্যও রয়েছে। শেষাংশে তুলে ধরা হয়েছে নারুতো ও সাসুকের সংঘর্ষের মুহূর্ত।
তবে নতুন মাঙ্গাটির কাহিনি এবং প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর জাপানের মাকুহারি মেসেতে অনুষ্ঠিতব্য ‘Jump Festa 2027’-এ এ বিষয়ে আরও তথ্য প্রকাশের পরিকল্পনা রয়েছে।
আসছে ‘Naruto x Ninku’ অ্যানিমে
‘নারুটো’ ও ‘নিনকু’ ফ্র্যাঞ্চাইজিকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন অ্যানিমে সিরিজ ‘Naruto x Ninku’। চার পর্বের এই যৌথ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবেন দুই ফ্র্যাঞ্চাইজির মূল স্রষ্টা মাসাশি কিশিমোতো ও কোজি কিরিয়ামা।
নব্বইয়ের দশকে জনপ্রিয়তা পাওয়া নিনজা মাঙ্গা ‘নিনকু’ তৈরি করেছিলেন কোজি কিরিয়ামা। সিরিজটি ‘নারুটো’ তৈরির ক্ষেত্রে কিশিমোতোর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। এবার দুই জগতের চরিত্রদের একই গল্পে হাজির করার পরিকল্পনা করা হয়েছে।
অ্যানিমের গল্পে টিম ৭-এর নারুতো, সাসুকে ও সাকুরা কাকাশির কাছ থেকে একটি মিশন পাবে। অভিযানের সময় নারুতোকে অন্তর্বর্তী দলনেতার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু মিশন চালাতে গিয়ে তারা অন্য এক জগতে পৌঁছে যাবে। সেখানে তাদের দেখা হবে ব্যাঙের মতো মুখাবয়বের বালক ফুসুকের সঙ্গে।
এই ক্রসওভার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাসাশি কিশিমোতো। তাঁর ভাষ্য, ‘নিনকু’ মাঙ্গায় পরবর্তী সময়ে কী ঘটে, তা জানার আগ্রহ থেকেই তিনি ‘নারুটো’ আঁকতে অনুপ্রাণিত হয়েছিলেন। তাঁর মতে, ‘নিনকু’ না থাকলে ‘নারুটো’র অস্তিত্বও হয়তো থাকত না। দীর্ঘদিন ধরে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এমন একটি ক্রসওভার দেখতে চেয়েছিলেন বলেও জানান তিনি।
কোজি কিরিয়ামাও দুই জগতের মিলন নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। অ্যানিমেটিতে নারুটোর কণ্ঠশিল্পী জুনকো তাকেউচি এবং ফুসুকের কণ্ঠশিল্পী রিকা মাতসুমোতো কণ্ঠ দেবেন। তবে সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বিশ্বব্যাপী আসছে ‘Naruto Mobile’
‘নারুটো’ভিত্তিক মোবাইল ফাইটিং অ্যাকশন গেম ‘Naruto Mobile’ এবার বিশ্বব্যাপী চালুর প্রস্তুতি নিচ্ছে। ২০১৬ সালে চীনের বাজারে প্রথম প্রকাশিত গেমটিতে ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন সময়ের নিনজাদের নিয়ে লড়াই করার সুযোগ রয়েছে।
গেমটির বৈশ্বিক যাত্রার ঘোষণা দিয়ে একটি টিজারও প্রকাশ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ঠিক কবে এটি পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। দেশ ও অঞ্চলভেদে গেমটির প্রাপ্যতা এবং সমর্থিত ভাষায় পার্থক্য থাকতে পারে। এ বিষয়ে আরও তথ্য ‘Jump Festa 2027’-এ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
২০২৭ সালের জুনে ‘Naruto Card Game’
‘নারুটো’ ভক্তদের জন্য আরেকটি নতুন আয়োজন হলো ‘Naruto Card Game’। ২০২৭ সালের জুনে বিশ্বজুড়ে একই সময়ে গেমটি প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে নারুতো, সাসুকে ও গারাকে কেন্দ্র করে তিনটি স্টার্টার ডেক এবং প্রথম বুস্টার সেট বাজারে আসবে। স্টার্টার ডেকগুলোতে আগে থেকেই সাজানো কার্ড থাকবে, যা দিয়ে খেলোয়াড়েরা সরাসরি খেলা শুরু করতে পারবেন। প্রতিটি ডেকে সংশ্লিষ্ট চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা কৌশল প্রয়োগের সুযোগ থাকবে।
‘Uzumaki Naruto is Coming!’ নামের প্রথম বুস্টার সেটে নতুন নিনজা ও জুতসু যুক্ত করা হবে। এর মাধ্যমে খেলোয়াড়েরা নিজেদের ডেক আরও শক্তিশালী করতে পারবেন কিংবা পছন্দের কার্ড দিয়ে নতুন ডেক তৈরি করতে পারবেন।
গেমটির আনুষ্ঠানিক প্রকাশের আগে ২০২৭ সালের শুরুর দিকে বিভিন্ন প্রিভিউ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনের মাধ্যমে ভক্তরা আগেভাগেই গেমটি খেলার অভিজ্ঞতা নিতে পারবেন।
হলিউডে তৈরি হচ্ছে লাইভ-অ্যাকশন ‘Naruto’ সিনেমা
অ্যানিমে ও গেমের পাশাপাশি হলিউডে নির্মাণাধীন লাইভ-অ্যাকশন ‘Naruto’ সিনেমা নিয়েও নতুন তথ্য জানানো হয়েছে। লায়ন্সগেট প্রযোজিত সিনেমাটির পরিচালক হিসেবে রয়েছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এর আগে টিম ৭-এর নারুতো, সাসুকে ও সাকুরার চরিত্রে অভিনয়শিল্পী খুঁজতে বিশ্বব্যাপী কাস্টিং আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানিয়েছেন, নারুটোর চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার অধ্যবসায়। অন্যরা তাকে অবমূল্যায়ন করলেও সে বারবার চেষ্টা করে যায় এবং ব্যর্থতার পরও নিজের ওপর বিশ্বাস হারায় না। প্রিয়জনদের রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই চরিত্রটিকে বিশেষ করে তুলেছে বলে মনে করেন তিনি।
ক্রেটনের ভাষ্য, সিনেমায় নারুটোর জগৎ, চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক এবং তাদের যাত্রাকে যথাযথ গুরুত্ব দিয়ে তুলে ধরতে চান নির্মাতারা। চরিত্রগুলো অসংখ্য ভক্তের কাছে গুরুত্বপূর্ণ হওয়ায় সিনেমার প্রতিটি পর্যায়ে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।
সিনেমাটির নির্মাণকাজ চলছে। তবে মুক্তির তারিখ কিংবা অভিনয়শিল্পীদের চূড়ান্ত তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
‘প্রজেক্ট রাসেনগান’-এর পরবর্তী আপডেট কবে?
‘প্রজেক্ট রাসেনগান’-এর আওতায় নতুন মাঙ্গা, অ্যানিমে ও গেমসহ একাধিক প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ‘Jump Festa 2027’-এর ‘Naruto Jump Super Stage’-এ আরও ঘোষণা আসার কথা রয়েছে।
২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত বিস্তৃত এই পরিকল্পনার মাধ্যমে ‘নারুটো’কে একাধিক বিনোদনমাধ্যমে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মাঙ্গা থেকে শুরু করে ক্রসওভার অ্যানিমে, মোবাইল গেম ও ট্রেডিং কার্ড গেম, সব মিলিয়ে আগামী বছরগুলোতে ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের জন্য থাকছে বেশ কয়েকটি নতুন আয়োজন।