দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে এখন বিনোদন অঙ্গনে জোর চর্চা চলছে। এরই মধ্যে সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী ও ‘লেডিসুপারস্টার’ নয়নতারাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া বেশ কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, ছবির সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন নয়নতারা এবং চুলহীন মাথা নিয়েই সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছেন। বিষয়টি নিয়ে নেটিজেন ও ভক্তদের মাঝে তুমুল তোলপাড় সৃষ্টি হলেও অনুসন্ধানে জানা গেছে খবরটি পুরোপুরি ভুয়া। 

গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার ন্যাড়া মাথার ছবি ও ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে বিকৃত করে তৈরি করা হয়েছে। গত এপ্রিলে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেদিন তাঁর পরা সাদা পোশাক ও সবুজ ওড়নার পুরোনো ছবিকেই বিকৃত করে এডিট করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গীতু মোহনদাস পরিচালিত মেগাবাজেটের অ্যাকশন ও গ্যাংস্টার ড্রামা সিনেমা ‘টক্সিক’। এতে যশের বিপরীতে নয়নতারা ছাড়াও কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের দেখা যাবে। এছাড়া বিশেষ এক আকর্ষণীয় চরিত্রে উপস্থিত থাকছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিও।