বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোর দাপট অব্যাহত রাখতে অনন্য ভূমিকা রাখছে মৌলিক ও চোখধাঁধানো কনটেন্ট। আর এই প্রতিযোগিতায় নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে পানির মতো টাকা ঢালছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। ফ্লিক্সপ্যাট্রোলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দুর্দান্ত ভিএফএক্স, রাজকীয় সেট ও সিনেমাটোগ্রাফির অভিজ্ঞতা উপহার দিতে শত শত মিলিয়ন ডলার খরচ করতেও দ্বিধা করছে না প্রতিষ্ঠানটি। সম্প্রতি নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ৫টি সিরিজের তালিকা প্রকাশ পেয়েছে ভাইব নিউজে।

তালিকার শীর্ষে রয়েছে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করা সাই-ফাই হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস-সিজন ৪’। হকিন্স শহরের রহস্যময় ‘আপসাইড ডাউন’ জগৎ পর্দায় ফুটিয়ে তুলতে একেকটি পর্বেই খরচ হয়েছিল প্রায় ৩০ মিলিয়ন ডলার; যার মোট বাজেট দাঁড়ায় ৩০ কোটি ডলারে।

দ্বিতীয় স্থানে রয়েছে আলোচিত সায়েন্স ফিকশন ‘৩ বডি প্রবলেম-সিজন ১’। ২৩ কোটি ৩১ লাখ ডলার বাজেটের এই সিরিজটি নেটফ্লিক্সের ইতিহাসে প্রথম সিজন বা ডেবিউ হিসেবে সবচেয়ে ব্যয়বহুল। অন্যদিকে, চোখধাঁধানো অ্যাকশন ও জাদুকরি প্রাণীর অ্যানিমেশন দিয়ে সাজানো ‘দ্য উইচার-সিজন ২’ ১৭ কোটি ৬৩ লাখ ডলার খরচ করে দখল করেছে তৃতীয় স্থান।

তালিকায় থাকা বাকি দুটি সিরিজ হলো নিল গেইম্যানের বিখ্যাত কমিক অবলম্বনে তৈরি পরাবাস্তব ফ্যান্টাসি সিরিজ ‘দ্য স্যান্ডম্যান-সিজন ১’ (বাজেট ১৬ কোটি ৫০ লাখ ডলার) এবং নব্বইয়ের দশকের ব্রিটিশ রাজপরিবারের জাঁকজমকপূর্ণ আবহ ফুটিয়ে তোলা ‘দ্য ক্রাউন-সিজন ৫’ (বাজেট ১৪ কোটি ৪০ লাখ ডলার)।