যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব ‘নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ)। নিজেদের সংস্কৃতি, অনুভূতি ও জীবনযাত্রার বাস্তব গল্পকে প্রচলিত ধারণার বাইরে গিয়ে রূপালি পর্দায় তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
ভ্যারাইটি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হবে। নিউইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটিই প্রথম বড় প্ল্যাটফর্ম বলে জানিয়েছেন আয়োজকেরা।
উৎসবের আর্ট ডিরেক্টর হাসান বাবর জানান, তাদের উদ্দেশ্য শুধু মুসলিমদের নিয়ে মূলধারায় প্রচলিত ভুল ধারণার জবাব দেওয়া নয়। বরং মুসলিম নির্মাতাদের নিজেদের গল্পকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরে সেগুলোকে আরও দৃশ্যমান করে তোলাই তাঁদের লক্ষ্য।
উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিনও একই ধরনের প্রত্যাশার কথা জানিয়েছেন। তাঁর মতে, নিউইয়র্কে মুসলিমদের নিজেদের গল্প নিজেদের মতো করে বলার এবং সেই গল্পকে গর্বের সঙ্গে দর্শকের সামনে তুলে ধরার অধিকার রয়েছে।
বিশেষ এক সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। দিনব্যাপী আয়োজনে বিশ্বের সাতটি দেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর অর্ধেকের বেশি পরিচালনা করেছেন নারী নির্মাতারা।
উৎসবে প্রামাণ্যচিত্র, নাটক, কমেডি, অ্যানিমেশন এবং সামাজিক পরীক্ষাধর্মী বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শিত হবে। দুটি পৃথক পর্বে ছবিগুলো দেখানো হবে। পরে সেরা কাজগুলোকে জুরি সম্মাননা ও পুরস্কার দেওয়ার মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।
উৎসবের ছয় সদস্যের জুরি বোর্ডেও রয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন ‘দ্য ডেইলি শো’ খ্যাত এমি পুরস্কারজয়ী অভিনেতা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানের অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।
নিউইয়র্কে মুসলিম স্বাধীন নির্মাতাদের জন্য নতুন এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় গল্প ও নির্মাতাদের সামনে নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।