বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক নিতেশ তিওয়ারি তাঁর বহু প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘Ramayana’ নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এই সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। সম্প্রতি ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়োজিত এক বিশেষ আলাপচারিতায় ছবির প্রযোজক নামিত মালহোত্রা সিনেমাটির নির্মাণ এবং পূর্ববর্তী ‘আদিপুরুষ’-এর ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। প্রায় ৪০০০ কোটি রুপি (৫০ কোটি ডলার) বাজেটে দুই পর্বে নির্মিত হচ্ছে এই মহাকাব্যিক চলচ্চিত্রটি।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ সিনেমার ব্যর্থতা এবং বিতর্ক নিয়ে নামিত জানান, তিনি অন্য কারও কাজ নিয়ে চিন্তিত নন। ইউটিউবার সুরজ কুমারের এক প্রশ্নের জবাবে নামিত বলেন, “অন্যরা কী করেছে সেটা নিয়ে আমরা কিছু করতে পারি না। আমরা শুধু আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অভিনেতা, পরিচালক এবং পুরো টিম নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।” তিনি আরও যোগ করেন যে, দর্শকদের যদি শেষ পর্যন্ত ছবিটি ভালো না লাগে, তবে তিনি হাতজোড় করে ক্ষমা চেয়ে নেবেন, কারণ তাঁরা সততার সাথে পরিশ্রম করেছেন।

রণবীর কাপুর অভিনীত এই ছবিতে রামের চরিত্রে দেখা যাবে তাঁকে, সীতার ভূমিকায় থাকছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। এছাড়াও রাবণের চরিত্রে ‘কেজিএফ’ খ্যাত যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রাভি দুবে অভিনয় করছেন। পৌরাণিক চরিত্রের সঠিক উপস্থাপন এবং বিশ্বমানের ভিএফএক্স-এর সমন্বয়ে নির্মিত ‘রামায়ণ’-এর প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে। সিরিজের দ্বিতীয় ও শেষ পর্বটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের দীপাবলিতে।