বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি তাঁর সাম্প্রতিক এক মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। বিশেষ করে ‘নারীবাদ সমাজকে ধ্বংস করছে’- এমন একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সম্প্রতি অন্য এক পডকাস্টে অংশ নিয়ে নোরা দাবি করেছেন, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ ভাইরাল হওয়ায় সাধারণ মানুষ মূল বিষয়টি বুঝতে ভুল করেছেন।
নোরা জানান, তিনি কোনো আদর্শের বিরোধী নন, বরং চরমপন্থার বিরুদ্ধে। নিজের পারিবারিক জীবনের উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন কেন তিনি নির্দিষ্ট কিছু বিষয়ে গুরুত্ব দেন।
নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে নোরা বলেন:
“গত বছর আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। তারপর রিলস ও টিকটকে কিছু ছোট ছোট ক্লিপ বেরিয়ে আসে, আর সেগুলো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি। আমি যেটার পক্ষে কথা বলি তা হলো, চরমপন্থা এমন একটা বিষয় যার আমি পুরোপুরি বিরোধী।”
নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও যোগ করেন:
“আমি সিংগেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনো আর একজন অভিভাবকের অভাব বোধ করিনি। কিন্তু আমি জানি দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, আমি এই সব বিষয়ের পক্ষে কথা বলেছিলাম।”
উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে নোরার একটি মন্তব্য ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলেছিলেন, বর্তমান সময়ের প্রচলিত নারীবাদের ধারণায় তিনি বিশ্বাস করেন না। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন এই মরোক্কান সুন্দরী।