চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বা ‘লেগো বিমান’ এর সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। ‘ডুনস অ্যাভিয়েশন’ নামে একটি চার্টার্ড বিমান সংস্থা তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে। ক্ষতিপূরণ হিসেবে ৩০ মিলিয়ন দিরহাম বা ৩ কোটি টাকার বেশি দাবি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে গান্ধীনগরের আদালতে নোরার বিরুদ্ধে সিভিল মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটির শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় ভিডিও ধারণ করেন নোরা। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। সেখানে বিমানটিকে ‘লেগো বিমান’ বা খেলনার সঙ্গে তুলনা করে মন্তব্য করেন তিনি।

বিমান সংস্থাটির দাবি, নোরার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানের বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, সংশ্লিষ্ট বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ।

জানা গেছে, এ ঘটনায় গত এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলাটি করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা।

এদিকে ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের কথাকে ঘিরেও সমালোচনার মুখে পড়েছিলেন। পরে ভাষাটি বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন তিনি।