সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘ডুন এভিয়েশন’ নামের একটি চার্টার্ড বিমান সংস্থাকে নিয়ে অসম্মানজনক ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩০ মিলিয়ন দিরহাম ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে।
কী ঘটেছিল?
ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় কয়েকটি ভিডিও ধারণ করেন নোরা। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিওগুলো শেয়ার করেন তিনি। সেখানে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন অভিনেত্রী।
নোরা ফাতেহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে। ফলে তাঁর করা ওই মন্তব্য ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়।
বিমান সংস্থার অভিযোগ
ডুন এভিয়েশনের দাবি, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এ ধরনের বক্তব্যের কারণে বাজারে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক লোকসান হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, যে উড়োজাহাজ নিয়ে মন্তব্য করা হয়েছে, সেটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান।
এই অভিযোগের ভিত্তিতে গত এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলা করা হয়। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগেও বিতর্কে নোরা
এদিকে নোরা ফাতেহি সম্প্রতি আরও একটি বিতর্কে জড়িয়েছিলেন। ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের কথাকে অশালীন আখ্যা দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
তবে পরে ওই গান নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে নোরা জানান, তিনি ভাষাটি বুঝতে পারেননি। সেই ব্যাখ্যার মাধ্যমে বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন অভিনেত্রী।
‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া নোরা এবার উড়োজাহাজ নিয়ে মন্তব্যের জেরে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন।