বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আবারও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। বিতর্কিত ‘সারকে চুনার’ গানটিতে ‘অশ্লীলতা’ ও ‘অশালীন’ আচরণের অভিযোগে তাঁকে তলব করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন (NCW)। আজ ৭ মে (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিটে কমিশন কার্যালয়ে সশরীরে হাজির হয়ে নিজের পক্ষের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোরাকে। গত মার্চ মাসে গানটি প্রকাশের পর থেকেই এর যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য ও আপত্তিকর বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে নোরা ফাতেহি ছাড়াও অভিনেতা সঞ্জয় দত্ত এবং গানের প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে সমন জারি করেছে। কমিশনের দাবি, গানটির দৃশ্য ও কথাগুলো ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং শিশুদের সুরক্ষা সংক্রান্ত ‘পকসো’ (POCSO) আইনের বিভিন্ন ধারা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এটি সমাজের জন্য কুরুচিকর এবং নিয়মবহির্ভূত বার্তা প্রদান করছে বলে মনে করছে সংস্থাটি।

ইতোমধ্যেই জনরোষ এবং ব্যাপক সমালোচনার মুখে ভারত সরকার ‘সারকে চুনার’ গানটি নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার পর এখন মহিলা কমিশনের শুনানিতে নোরা ফাতেহিকে তাঁর আচরণের যৌক্তিকতা প্রমাণ করতে হবে। শিল্প ও সৃজনশীল স্বাধীনতার নামে এই ধরনের কন্টেন্ট তৈরি নিয়ে বর্তমানে ভারতে তীব্র বিতর্ক চলছে।