তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

নওবা লিখেছেন, “শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।”

তিনি আরও জানিয়েছেন, “এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না,না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।”

সবশেষে নওবা লিখেছেন, “হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।”

নওবা তাহিয়া ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’-এর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। এছাড়া ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ও ক্লোজআপ সিরিজের ‘কন্ট্রোল প্লাস জেড’-এর মতো বেশ কয়েকটি নাটকেও তাকে দেখা গেছে। পড়াশোনার কারণে আগেও তিনি কিছু সময় অভিনয় থেকে বিরত ছিলেন, তবে এবার তিনি একেবারে শোবিজকে বিদায় জানিয়েছেন।