বাবার রেখে যাওয়া ফুলের দোকান আগলে রাখা এক তরুণের স্বপ্ন আর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অবশেষে তুমি এলে’। সেলিম রেজার পরিচালনায় রোমান্টিক ও পারিবারিক ঘরানার এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুবকেয়াপায়েল। নাটকে তৌসিফকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে একদিকে ফুল ভালোবাসে আর অন্যদিকে মনে মনে স্বপ্ন বোনে বাংলা নাটকের বড় তারকা হওয়ার।

গল্পের মোড় ঘোরে তখন, যখন অফিস থেকে ফেরার পথে তৌসিফের দোকানে ফুল কিনতে আসেন কেয়াপায়েল। প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যান তৌসিফ। রাজধানীর উত্তরার ৩০০ ফুট বনবীথি হাউসে নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। নাটকের একটি বিশেষ আকর্ষণ হলো এর গান, ‘ছুঁয়ে থাকো আমায়’। রবিউল ইসলাম জীবনের কথায় এবং কাওসার খানের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি।

নাটকটিতে তৌসিফ ও কেয়াপায়েল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর এবং বরেণ্য অভিনেতা আবুল হায়াত। নির্মাতা জানান, আবেগ ও রোমান্টিকতার এক চমৎকার সংমিশ্রণ থাকবে এই নাটকে। আগামীকাল ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘অবশেষে তুমি এলে’ নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।