ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানীর ভালোবাসার গল্প তিন দশক পেরিয়েও দর্শকদের কাছে ততটাই আকর্ষণীয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনের নানা অনুভূতির কথা শেয়ার করতে গিয়ে স্ত্রী মৌসুমীর প্রতি তাঁর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।
মৌসুমীর প্রতি নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ওমর সানী বলেন, তাঁর কেয়ারিং স্বভাব, ধৈর্য এবং অভিমান করার বিষয়টি তাঁকে আজও ভীষণ টানে। সংসারে নিজেদের চেয়ে দুই সন্তান ফারদীন ও ফাইজার প্রতি মৌসুমীর যত্ন ও চিন্তাকে স্ত্রী হিসেবে তাঁর সবচেয়ে বড় গুণ বলে মনে করেন এই অভিনেতা। তিন দশকের এই দীর্ঘ চলার পথে মাঝেমধ্যে নানা বিতর্ক বা বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও সেগুলোকে পাশ কাটিয়ে নিজেদের মধ্যে বিশ্বাস ও ত্যাগের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তাঁরা। সব আলোচনার ঊর্ধ্বে উঠে সানীর স্পষ্ট বক্তব্য, "এই বয়সে এসেও বলব, ফারদীন-ফাইজার আম্মু তোমাকে ভালোবাসি।"
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর ‘দোলা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। কাজের মধ্য দিয়েই তৈরি হয় পরিচয় ও ভালোবাসা। এরপর ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা এবং এর দেড় বছর পর ১৯৯৬ সালের ২ আগস্ট জমকালো আয়োজনে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।