সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একজন শিল্পীর জীবনে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচালকই একজন অভিনেতাকে গড়ে তোলেন এবং তার পথচলা নির্ধারণ করেন।

অপু বিশ্বাস আরও জানান, দেশের চলচ্চিত্রে তিনি ইতোমধ্যেই অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে আছেন এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহান। এসব অভিজ্ঞতা তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

এবার নতুন করে কলকাতার সিনেমায় কাজ করার ইচ্ছার কথা জানিয়ে অপু বলেন, সৃজিত মুখার্জির নির্মাণশৈলী তাকে মুগ্ধ করেছে। সুযোগ, সময় এবং উপযুক্ত গল্প পেলে তার সঙ্গে কাজ করতে চান বলেও জানান এই অভিনেত্রী।

বর্তমানে অপু বিশ্বাস দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে একটি দুর্বার এবং অন্যটি সিক্রেট। সিনেমা দুটির শুটিংও শেষের পথে রয়েছে বলে জানা গেছে।