সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই বেশ সোচ্চার ও প্রাণবন্ত রূপেই ধরা দেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কাজের বাইরে জীবনের নানা টুকরো গল্প, দর্শন ও ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পরিবারের সান্নিধ্যে থাকা ‘কাঠবিড়ালী’খ্যাত এই অভিনেত্রী প্রবাস জীবনের চমৎকার সব মুহূর্ত শেয়ার করার মাঝেই সম্প্রতি নিজের এক ব্যতিক্রমী জীবন দর্শনের কথা তুলে ধরেছেন।

সামাজিক মাধ্যমে নিজের একটি হাসোজ্জ্বল ছবি পোস্ট করে প্রচলিত ধারার বিপরীত এক বার্তা দেন স্পর্শিয়া। বাংলায় যুগ যুগ ধরে ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ প্রবাদটি মেনে চলার পরামর্শ দেওয়া হলেও অর্চিতা স্পর্শিয়ার ভাবনায় ধরা পড়েছে জীবনের অনিশ্চয়তা ও সাহসিকতার গল্প। ছবিটির ক্যাপশনে তিনি স্পষ্ট লিখেছেন, ‘তারা বলে ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো; আর আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।’ কাজের ক্ষেত্রে অতশত হিসেব না কষে মুহূর্তের রোমাঞ্চ ও সুযোগকে উপভোগ করার এই স্পর্ধিত বার্তা নেটিজেনদের বেশ আকৃষ্ট করেছে।

বছরের একটি বড় সময় নিউ ইয়র্কে পরিবারের সাথে কাটানো স্পর্শিয়া প্রবাস জীবনের ব্যস্ততায় শুধু ঘুরে বেড়ানোই নয়, বরং শিল্পের নানা শাখায় ডুবে আছেন। সম্প্রতি ক্রিস্টোফার নোলানের নির্মিত মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ আইম্যাক্স থিয়েটারে দেখার অনুভূতি এবং নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির বিখ্যাত মার্থা গ্রাহামের প্রদর্শনী উপভোগ করার নান্দনিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।

এদিকে ব্যক্তিগত ভ্রমণের পাশাপাশি নিজের অভিনয়েও নিয়মিত ও ব্যস্ত সময় পার করছেন অর্চিতা স্পর্শিয়া। বর্তমানে জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমির মেগা হিট ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের দারুণ বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি।