ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। এতে নাম ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ঢালিউড সুপারস্টার আরিফিন শুভ। আন্তর্জাতিক বিনোদন সাময়িকা ‘দ্য হলিউড রিপোর্টার’ সিরিজটির একটি বিস্তারিত রিভিউ প্রকাশ করেছে, যেখানে সিরিজের নির্মাণ নিয়ে নানা সমালোচনা থাকলেও শুভর অভিনয়কে আলাদাভাবে সম্মান জানানো হয়েছে।

১০ পর্বের এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন জিমি রায়ের চরিত্রে, যিনি সত্তরের দশকের কলকাতার পার্ক স্ট্রিটের একটি অভিজাত নাইটক্লাবের মালিক। একজন রাজনীতিবিমুখ ব্যবসায়ী থেকে পরিস্থিতির চাপে পড়ে তিনি কীভাবে একজন গুপ্তচর ও বিপ্লবীতে পরিণত হন, তা-ই সিরিজের মূল উপজীব্য। হলিউড রিপোর্টারের পর্যালোচনায় বলা হয়েছে, সিরিজের গল্প বলার ধরনে কিছুটা একঘেয়েমি ও চেনা ছক থাকলেও আরিফিন শুভর পারফরম্যান্স ছিল পুরো সিরিজের সবচেয়ে কার্যকরী ও ইতিবাচক দিক। বিশেষ করে বড় পর্দার ধ্রুপদী গুপ্তচর চরিত্রের আদলে শুভর সিগারেট ধরানোর ভঙ্গি ও সংলাপ বলার ধরনে মুগ্ধ হয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তবে সিরিজের নির্মাণ নিয়ে সমালোচকদের কণ্ঠে কিছুটা ঝরেছে হতাশা। তাঁদের মতে, সিরিজটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনেকটা বাহ্যিক সৌন্দর্য বা নান্দনিক অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। রিভিউতে বলা হয়েছে, ১০ ঘণ্টা দীর্ঘ এই সিরিজের গতি বেশ মন্থর এবং ভিএফএক্সের কাজও যথেষ্ঠ দুর্বল। কাহিনী বিন্যাসের ক্ষেত্রেও পুরোনো সেই ‘ভারত রক্ষাকর্তা ও পাকিস্তান খলনায়ক’ ছক থেকে বেরিয়ে আসতে পারেননি নির্মাতারা।

সৌমিক সেন পরিচালিত ‘জ্যাজ সিটি’ গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত ও শাতাফ ফিগার। ঐতিহাসিক প্রেক্ষাপট, থ্রিলার এবং জ্যাজ সংগীতের এক অদ্ভুত মিশেল থাকলেও আরিফিন শুভর অতিমানবীয় উপস্থিতির কারণেই সিরিজটি এখন বিশ্বজুড়ে দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে।