বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’-এর মিউজিক ভিডিও। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল PPR Music–এ প্রকাশিত হয়েছে গানটি। ভালোবাসার আবেগঘন আবহে নির্মিত এই গান ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের নজর কাড়ছে।
গানটির কথা, সুর ও কণ্ঠ সবকিছুই করেছেন পার্থ প্রতীম রায় নিজেই। পেশায় তিনি একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকেই গানটি নির্মাণ করেছেন। প্রেমের অনুভূতি, অপেক্ষার দীর্ঘশ্বাস এবং ভালোবাসা প্রকাশের সাহস এই বিষয়গুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে গানটির কথামালা ও সুরের বুনন। বসন্তের আবহে গানটি ভালোবাসার বার্তাকে আরও গভীরভাবে তুলে ধরেছে।
গানটি প্রসঙ্গে পার্থ প্রতীম রায় বলেন, “‘ভালোবাসি বলতে চাই’ কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে ফুটিয়ে তুলতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।”
গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি এফ জামান। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে মামুন খান, সুষ্মিতা এবং পার্থ প্রতীম রায়কে নিজেকেও। ভালোবাসা দিবসে প্রকাশিত এই গানটি প্রেমিক-প্রেমিকাদের অনুভূতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা শিল্পীর।