পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফ হত্যা মামলায় আসামি উমর হায়াতকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে BBC।
আদালতের রায়ে বলা হয়, ২০২৫ সালের জুনে ১৭ বছর বয়সী সানা ইউসুফের বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করেন উমর হায়াত। পরে জুলাই মাসে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার কিছুদিন আগে ইসলামাবাদে গিয়ে সানার জন্মদিনে দেখা করতে চেয়েছিলেন উমর। তবে সানা দেখা করতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটে বলে পুলিশের দাবি।
রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিলেন সানা ইউসুফ। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখের বেশি। ফ্যাশন, গান ও দৈনন্দিন জীবনের নানা ভিডিওর মাধ্যমে তরুণদের কাছে পরিচিতি পান তিনি।
এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মীরা এটিকে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। যদিও সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী সানার কনটেন্ট নিয়েও সমালোচনা করেছেন।
তদন্ত চলাকালে ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পুলিশ।
নিহতের পরিবার আদালতের এ রায়কে সমাজে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছে। সানার বাবা বলেছেন, এই রায় সমাজের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে।