ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে এখনো সিনেমার কাজ হারাতে হচ্ছে বলে দাবি করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। ৭৯ বছর বয়সী এই অভিনেত্রীর অভিযোগ, রাজনৈতিক অবস্থানের কারণে বড় চলচ্চিত্র স্টুডিওগুলো এখনো তাকে কাজ দিতে অনাগ্রহী।

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন সারান্ডন। তার ভাষ্য, ফিলিস্তিন ইস্যুতে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলেও চলচ্চিত্রশিল্পের ক্ষমতাধর অংশে সেই পরিবর্তনের প্রভাব এখনো খুব একটা পড়েনি।

সারান্ডন বলেন, সম্প্রতি তার কিছু সিনেমার কাজও কেড়ে নেওয়া হয়েছে। কিছু এজেন্সি এখনো তাদের ক্লায়েন্টদের তাকে কাজ না দেওয়ার পরামর্শ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

শুধু নিজের ক্ষেত্রে নয়, ইসরায়েলের সমালোচনা করা আরও অনেক শিল্পীও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। তবে আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পাচ্ছেন বলেও উল্লেখ করেন।

ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে ২০২৩ সালে প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউটিএর (UTA) সঙ্গেও সারান্ডনের সম্পর্ক ছিন্ন হয়েছিল। ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ফিলিস্তিনপন্থী একাধিক সমাবেশে তার বক্তব্য ঘিরে সে সময় বিতর্ক তৈরি হয়েছিল।

অভিনয় ক্যারিয়ারে ‘ডেড ম্যান ওয়াকিং’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতেন সুসান সারান্ডন। এছাড়া ‘দ্য রকি হরর পিকচার শো’, ‘বুল ডারহাম’ ও ‘থেলমা অ্যান্ড লুইস’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে পরিচিত তিনি।