জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টবাদিতা এবং ব্যক্তিত্বের জন্য পরিচিত। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর র্যাম্প মডেলিং ও ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা করে নেওয়া এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি নিজের জীবনবোধ এবং অভিজ্ঞতার কথা শেয়ার করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ফেসবুক পোস্টে পিয়া জীবনের গভীর এক উপলব্ধির কথা জানিয়ে লিখেছেন, ‘এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়।’ তিনি জীবনকে একটি ‘রোলার কোস্টার’-এর সঙ্গে তুলনা করে আরও বলেন, জীবন কখনো মানুষকে অনেক ওপরে তুলে দেয়, আবার কখনো নিচে নামিয়ে দেয়। তাই যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন।
জীবনের সংক্ষিপ্ততা মনে করিয়ে দিয়ে এই অভিনেত্রী ও আইনজীবী লেখেন, ‘জীবনটা খুব ছোট একটা যাত্রা। তাই যতটা সম্ভব এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত।’ উল্লেখ্য, শোবিজের রঙিন দুনিয়ার পাশাপাশি আইন পেশাতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পিয়া জান্নাতুল। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আইনি সহযোগী হিসেবেও কাজ করেছেন।