দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার জীবনের নতুন অধ্যায়ে শামিল হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তারকা যুগলের বিয়ের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেবেরাকোন্ডা ও মান্দানা। উভয় পরিবারকেই আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এক পত্রে জানান, এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

বিজয় ও রাশমিকাকে ভবিষ্যতের আর্শীবাদ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, এটি তাঁদের জীবনের একটি নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা। চিঠিতে তিনি হিন্দু বিবাহের পবিত্র 'সপ্তপদী'র তাৎপর্য তুলে ধরে উল্লেখ করেন যে, সাতটি ধাপ একসঙ্গে হাঁটার পর এই দম্পতি আজীবনের বন্ধু হিসেবে পথচলা শুরু করবেন। পর্দায় তাঁদের রসায়ন দর্শককে মুগ্ধ করলেও, বাস্তব জীবনে প্রেম ও স্নেহে ঘেরা এই 'ঐশ্বরিক' বন্ধন রূপালী পর্দার জাদুকেও ছাড়িয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

দম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে নরেন্দ্র মোদী আরও লেখেন, আগামী দিনগুলো যেন তাঁদের ভাগ করে নেওয়া স্বপ্ন এবং তা পূরণের সার্থকতা নিয়ে আসে। একে অপরের শক্তি ও অপূর্ণতাকে গ্রহণ করে তাঁরা যেন দায়িত্বশীল এবং আদর্শ জীবনসঙ্গী হিসেবে গড়ে ওঠেন, চিঠিতে সেই বার্তাই দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই জনপ্রিয় জুটি। ভক্তদের দেওয়া তাঁদের প্রিয় নাম 'বিরাশ' (ViRash)-কে সম্মান জানিয়ে তাঁরা লিখেছিলেন যে, কোনো আনুষ্ঠানিক পরিকল্পনার আগেই ভক্তদের অকুণ্ঠ ভালোবাসায় তাঁরা একে অপরের সঙ্গে বাঁধা পড়েছেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ শুভেচ্ছা বার্তা তাঁদের এই আনন্দ অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করল।