‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী এবং সিন্টার সভাপতি পুনম ধিলোঁ।
গত বছরের ডিসেম্বরে রণবীর সিং আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানান। এরপর বিষয়টি নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়। একপর্যায়ে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ তার বিরুদ্ধে একটি ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করে। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
সম্প্রতি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পুনম ধিলোঁ বলেন, রণবীরকে অন্যায়ভাবে সমালোচনার মুখে ফেলা হয়েছে। তার মতে, একজন অভিনেতা কোনো চরিত্র বা প্রকল্প নিয়ে অস্বস্তি অনুভব করতেই পারেন এবং সেই সিদ্ধান্তের পেছনে বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত কারণ থাকতে পারে।
পুনমের ভাষ্য, রণবীর সিংকে দায়িত্বজ্ঞানহীন বা অপেশাদার হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। বরং তিনি পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও জানান, প্রযোজকদের সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে রণবীর নিজেই ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছিলেন। এমনকি সিনেমার জন্য গ্রহণ করা সাইনিং অ্যামাউন্ট ফেরত দিতেও প্রস্তুত ছিলেন তিনি।
পুনম ধিলোঁর মতে, একজন অভিনেতার পক্ষে এমন পদক্ষেপ নেওয়া বিরল। তাই পুরো বিষয়টি নিয়ে রণবীরকে একতরফাভাবে দোষারোপ না করে তার অবস্থানও বিবেচনায় নেওয়া উচিত।
‘ডন ৩’ ঘিরে বিতর্কের মধ্যেও রণবীর সিংয়ের এই ভূমিকা তার পেশাদার মনোভাবেরই পরিচয় দেয় বলে মনে করছেন পুনম।