আলোচনা ও বিতর্ক যেন একই মুদ্রার দুই পিঠ মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের জন্য। নিজের কর্মকাণ্ড ও নানা খোলামেলা বক্তব্যের কারণে প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন তিনি। এবার যৌনকর্মকে সরকারি আইনি কাঠামোর আওতায় বৈধতা দেওয়ার পক্ষে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের ওপর সংঘটিত অপরাধ কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন পুনম। এ সময় তিনি দাবি করেন, বর্তমানে পুরুষদের ওপর মানসিক চাপ অনেক বেশি। তার মতে, যৌনকর্মকে যদি সরকারিভাবে একটি নির্দিষ্ট, আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনা হয়, তাহলে সমাজে নারীদের ওপর সংঘটিত অনেক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
শুধু যৌনকর্ম নিয়েই মন্তব্য করেননি পুনম। নিজের তৈরি বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেছেন তিনি। এসব ভিডিও তৈরি করাকে কোনো অন্যায় বা ‘পাপ’ মনে করেন না বলেও জানান অভিনেত্রী। বরং নিজের এই কাজকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে দেখেন তিনি।
পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা কিংবা ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই বিবেচনা করেন।
নিজের কাজের সমালোচনাকারীদের উদ্দেশেও কঠোর বার্তা দিয়েছেন পুনম। তার দাবি, যারা প্রকাশ্যে তার কর্মকাণ্ডের নিন্দা করেন, তাদের অনেকেই আবার গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান।
তবে পুনমের নতুন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ তার বক্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ আবার এটিকে আলোচনায় থাকার আরেকটি কৌশল বলেও মন্তব্য করেছেন।
এর আগেও নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বৃদ্ধির কথা বলে নিজের মৃত্যুর খবর প্রকাশ করেছিলেন তিনি। পরে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
নতুন এই বক্তব্যের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত এই মডেল ও অভিনেত্রী।