একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস নায়িকা ছিলেন পপি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকায় তার পর্দায় ফেরা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি জানান, নিয়মিত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনে আর কাজ করতে চান না বলেও জানান তিনি। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়েই সময় কাটাতে চান এবং পারিবারিক জীবনেই নিজেকে ব্যস্ত রাখতে চান বলে উল্লেখ করেন।
তবে অভিনয়ে ফেরার একটি বিশেষ সম্ভাবনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। পপির ভাষ্য, তার জীবন নিয়ে যদি মানসম্পন্ন ও ব্যতিক্রমী একটি বায়োপিক নির্মাণ করা হয়, তাহলে সেই সিনেমায় অভিনয় করতে তিনি আগ্রহী।
এ প্রসঙ্গে তিনি বলেন, তার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং চলচ্চিত্র ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যদি সুন্দরভাবে তুলে ধরা হয়, তাহলে সেই প্রকল্পে কাজ করতে তিনি প্রস্তুত।
পপি আরও বলেন, শুধু বায়োপিক হলেই হবে না, সেটি হতে হবে আন্তর্জাতিক মানের ও স্মরণীয় একটি কাজ। দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছেন। তাদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখেই তিনি এমন একটি প্রকল্পে যুক্ত হতে চান, যা দীর্ঘদিন দর্শকদের মনে জায়গা করে নেবে।
আলাপকালে নিজের সময়ের চলচ্চিত্র নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি উল্লেখ করেন, একসময় যেমন মৌসুমী ও শাবনূর দর্শকদের ভালোবাসা পেয়েছেন, তেমনি নিজের সময়েও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। একইভাবে পূর্ণিমাও দর্শকদের কাছে সমাদৃত হয়েছেন। তাই নিজের জীবনভিত্তিক কোনো কাজ হলে সেটি যেন মানসম্পন্ন হয়, সেটিই তার প্রত্যাশা।
উল্লেখ্য, পপিকে সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমায় দেখা গেছে। এরপর নতুন কোনো চলচ্চিত্রে আর অভিনয় করেননি তিনি। ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকে শতাধিক সম্মাননা পেয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।