ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিন ছিল ২৪ অক্টোবর। বিশেষ এই দিনটি প্রতি বছরের মতো এবারও ঘটা করে উদযাপন করেছেন তিনি। কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এবার শিউলি ফুলের সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
জন্মদিনের আয়োজনের মূল আকর্ষণ ছিল শিউলি ফুল। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল শিউলি ফুল। এমনকি অভিনেত্রীর পরনের শাড়িতেও ছিল এই ফুলের নকশা। সব মিলিয়ে পুরো আয়োজনেই ফুটে উঠেছিল শিউলির স্নিগ্ধতা।
নিজের সাজ ও আয়োজনের ভাবনা জানিয়ে পরীমনি বলেন, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথাই প্রথমে মাথায় এসেছিল তাঁর। এ কারণেই জন্মদিনের আয়োজন সাজিয়েছেন এই ফুলকে ঘিরে। এমনকি ফেসবুকে শিউলি ফুল চেয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।
পরীমনি জানান, চট্টগ্রাম থেকে একজন ভক্ত ফ্লাইটে করে তাঁর জন্য শিউলি ফুল পাঠিয়েছিলেন। তবে ফুল দীর্ঘ সময় সতেজ রাখা কঠিন হওয়ায় সেগুলো পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানের মতো সাজানোর ইচ্ছা থাকলেও তা সম্ভব না হওয়ায় নিজেই শিউলি ফুলের নকশার শাড়ি পরেছেন তিনি।
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। পরীমনি বলেন, শুরু থেকেই সবাই তাঁকে যেভাবে ভালোবেসেছেন, পাশে থেকেছেন ও আশীর্বাদ করেছেন, তা তাঁর কাছে অনেক বড় প্রাপ্তি। এই ভালোবাসার প্রতিদানে দর্শকদের ভালো কাজ উপহার দিতে চান তিনি। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।