ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’ সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। ঢাকা শহরের ভিন্ন পেশার চার নারীর অদৃশ্য লড়াই, না বলা কষ্ট ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে নির্মিত সিনেমাটি ওটিটিতে আসার পর এর দৈর্ঘ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সামাজিক মাধ্যমে কয়েকজন দর্শকের অভিযোগ, প্রেক্ষাগৃহে প্রদর্শিত সংস্করণের তুলনায় হইচইয়ে সিনেমাটির দৈর্ঘ্য কম। মুক্তির আগে সিনেমাটির রানটাইম ছিল ২ ঘণ্টা ৫২ মিনিট বলে জানা গেলেও ওটিটিতে দেখা যাচ্ছে প্রায় আড়াই ঘণ্টার সংস্করণ।
বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সিনেমাটির দুটি আলাদা কাট তৈরি করা হয়েছিল। একটি সিঙ্গেল স্ক্রিনের জন্য, অন্যটি সিনেপ্লেক্সের জন্য।
রায়হান রাফী বলেন, “সিনেমাটির দুটি কাট ছিল। একটা সিঙ্গেল স্ক্রিন কাট, আরেকটা সিনেপ্লেক্স কাট। প্রথম কয়েক দিন বাংলাদেশে ৩ ঘণ্টার কাট চলছিল। পরে সেন্সর করে আড়াই ঘণ্টা কাট চলেছে। বাংলাদেশেও চলেছে, আন্তর্জাতিকভাবে চলেছে। ওই কাটই অফিসিয়াল কাট। ওই কাটই চলছে ওটিটিতে।”
সাধারণত ওটিটিতে মুক্তির আগে সিনেমার কালার কারেকশনসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ করা হয়। তবে এ ক্ষেত্রে সিনেমার দৈর্ঘ্য কমিয়ে দেওয়ার অভিযোগ দর্শকদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। এর আগে রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’ ওটিটিতে বাড়তি দৃশ্যসহ মুক্তি পেয়েছিল।
‘প্রেশার কুকার’-এর প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।