ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভী জানান, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় বুধবার আদালতে উপস্থিত হতে পারেননি তাঁর মক্কেল। এ কারণে পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার বাদী নাসির উদ্দিন উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি শেষে আদালত জামিন বাতিল করে পরীমণি ও অপর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

২০২২ সালের ৬ জুলাই পরীমণি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলাটি করেন নাসির উদ্দিন। এজাহারে তাঁর অভিযোগ, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরীমণি ও তাঁর সহযোগীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরীমণি তাঁর দিকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান বলে অভিযোগ করেন নাসির উদ্দিন। এ ছাড়া মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগও করেন তিনি।

তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ মার্চ পিবিআই পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়। অন্য আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

অন্যদিকে, একই ঘটনার পর পরীমণিও সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। সেই মামলাটি বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ বিচারাধীন।