তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকে বিয়ে করার চরিত্রে অভিনয় করতে হয়েছিল রাধিকা আপ্তেকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অংশ নিতে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
রাধিকা বলেন, ছবিটির গল্প ও কাজের পরিবেশ, কোনোটিই তাঁর ভালো লাগেনি। চরিত্রের সম্পর্কের ধরন এবং সহশিল্পীর বয়সের ব্যবধান তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। তাঁর ভাষায়, পুরো বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রকাশ ছিল। ওই পরিবেশে কাজ করাই তাঁর কাছে সবচেয়ে কঠিন হয়ে উঠেছিল।
ছবির নাম প্রকাশ করেননি রাধিকা। তবে তাঁর মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমার কথা বলেছেন। ছবিটিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই তা জানানো উচিত ছিল। আবার কেউ রাধিকার অন্য ছবিতে বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়টি তুলে তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন।