শারীরিক জটিলতার কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকছেন তিনি। ফলে সাভারের বোট ক্লাবকেন্দ্রিক মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় তাঁর জেরা আবারও স্থগিত হয়েছে।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এ পরীমনির জেরা গ্রহণের দিন নির্ধারিত থাকলেও তাঁর অনুপস্থিতির কারণে শুনানি হয়নি। বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া পরবর্তী তারিখ হিসেবে আগামী ৯ আগস্ট নির্ধারণ করেন।

অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে জানান, অস্ত্রোপচারের পর পরীমনি শারীরিকভাবে দুর্বল থাকায় উপস্থিত হওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা গ্রহণ করেন।

এর আগেও একাধিকবার এই মামলার জেরা প্রক্রিয়া পিছিয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর দুই সন্তান টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে সেদিনও আদালতে হাজির হতে পারেননি পরীমনি। চলতি বছরের ২৬ মে আদালতে উপস্থিত হলেও শুনানিকালে অসুস্থ হয়ে পড়ায় জেরা স্থগিত করতে হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন পরীমনি। পরে ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন তিনি।

পরদিন সাভার মডেল থানায় মামলা দায়ের করেন পরীমনি। মামলার পর ব্যবসায়ী নাসির উদ্দিন ও তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অন্য আসামিসহ তিনজন বর্তমানে জামিনে রয়েছেন। ২০২২ সালের ১৮ মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। একই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।