ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও সমালোচনার বিষয়ে এবার সরব হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি অতীতের সম্পর্ক, এনগেজমেন্ট ভাঙা এবং তাকে ঘিরে তৈরি হওয়া ‘বিশ্বাসভঙ্গ’ এর অভিযোগ সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
প্রভা বলেন, দীর্ঘদিন ধরে অনেকেই তাকে এমন একজন মানুষ হিসেবে দেখেছেন, যিনি নাকি কারও বিশ্বাস ভেঙেছেন। তবে তিনি মনে করেন, পুরো ঘটনার পেছনের বাস্তবতা অনেকেই জানেন না।
অভিনেত্রীর ভাষায়, “আমাকে মানুষজন বলে যে আমি বিশ্বাস ভঙ্গ করেছি। আমার শুধু এতটুকুই বলার আছে, আমি বিশ্বাস ভঙ্গ করিনি। একটা ঘটনার পেছনে আরও অনেক ঘটনা থাকে।”
তিনি জানান, যে সম্পর্কটি শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি, সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পরিবার এবং যার সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়েছিল, উভয় পক্ষকেই নিজের অবস্থান জানাতে চেষ্টা করেছিলেন। তাঁর দাবি, বিষয়টি হঠাৎ কোনো সিদ্ধান্ত ছিল না; বরং দীর্ঘ সময় ধরে চলা জটিল পরিস্থিতির ফল।
প্রভা বলেন, এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর একটি সম্পর্ক ভেঙে দেওয়া মোটেও সহজ ছিল না। সম্পর্কটিতে দীর্ঘ সময়ের দূরত্ব, মতবিরোধ এবং বিচ্ছেদের পর্যায়ও ছিল। তিনি জানান, তাঁদের মধ্যে প্রায় ৯ থেকে ১০ মাসের একটি বড় ব্যবধান তৈরি হয়েছিল, যা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল।
এ প্রসঙ্গে তিনি বলেন, “এনগেজমেন্ট ভাঙা সহজ ছিল না। আমাদের অনেকদিনের একটা গ্যাপ ছিল। ব্রেকআপ-প্যাচআপের মতো পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়েছে।”
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রভা আরও বলেন, তিনি সবসময় সততার সঙ্গে নিজের অনুভূতি এবং সম্পর্কের বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছেন। কোনো কিছু গোপন রেখে বা কাউকে না জানিয়ে তিনি জীবনের নতুন সিদ্ধান্ত নেননি।
তাঁর কথায়, “আমার সঙ্গে যা হয়েছে, আমি আমার লয়ালিটির জায়গা থেকে জানিয়েছি কার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সবকিছুই পরিষ্কার ছিল। এমন নয় যে একদিন হঠাৎ সবাই জানতে পারল আমি বিয়ে করে ফেলেছি।”
সমালোচনার জবাবে প্রভা বলেন, তিনি আর কাউকে বোঝানোর প্রয়োজন অনুভব করেন না। কারণ যারা তাঁকে সত্যিকার অর্থে ভালোবাসেন এবং তাঁর পথচলা অনুসরণ করেছেন, তারা জানেন তিনি জীবনের নানা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন।
অভিনেত্রী বলেন, “এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নেই। যারা আমাকে ভালোবাসে, তারা জানে আমি অনেক কিছু পার করে এসেছি। আমি শুধু বলতে চাই, আমি প্রতারণা করিনি।”
দীর্ঘ সময় পর ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে মুখ খুলে প্রভা আবারও আলোচনায় এসেছেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।