দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে ডানা মেলছে রায়হান রাফী নির্মিত চলচ্চিত্র ‘প্রেশার কুকার’। যুক্তরাজ্যের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসরে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার হতে যাচ্ছে।

আগামী ২২ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে নির্মাতা রায়হান রাফী সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনের লক্ষ্যেই উৎসবের এবারের আসরে ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে।

সিনেমাটির আন্তর্জাতিক অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রায়হান রাফী বলেন:

“এই সিনেমাটি মূলত আর্টিস্টিক ধাঁচের। এই ধরনের চলচ্চিত্র সাধারণত উৎসবের দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটির প্রদর্শনী সফলভাবে চলছে। এরই মধ্যে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়াকে পুরো টিমের জন্য একটি বড় অর্জন।”

উল্লেখ্য, ‘প্রেশার কুকার’ কেবল লন্ডনেই সীমাবদ্ধ থাকছে না। চলতি সপ্তাহ থেকে এটি অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।