ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে সহ-অভিনেতার মাধ্যমে যৌন হেনস্তার শিকার হওয়ার একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া বাপট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ের সময় চিত্রনাট্যে থাকা একটি চুম্বনের দৃশ্য নিয়ে শুরু থেকেই তার আপত্তি ছিল। তবে পরিচালকের অনুরোধে পেশাদার দায়িত্বের অংশ হিসেবে শেষ পর্যন্ত দৃশ্যটিতে অভিনয় করতে সম্মত হন।

প্রিয়ার অভিযোগ, দৃশ্য ধারণের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা তাকে চুম্বন করতে থাকেন এবং পূর্বনির্ধারিত দৃশ্যের বাইরে গিয়ে শারীরিক ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন। ইন্ডাস্ট্রিতে তখন নতুন হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারেননি।

শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালে হোটেলে অবস্থানের সময়ও ওই অভিনেতা ফোন কল ও বার্তার মাধ্যমে তাকে বিরক্ত করতেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন বলে জানান প্রিয়া।

ঘটনাগুলো একপর্যায়ে তার ওপর মানসিক চাপ সৃষ্টি করে। পরে বিষয়টি তিনি তার স্বামীকে জানান। এরপর তার স্বামী সরাসরি শুটিং সেটে উপস্থিত হলে ওই সহ-অভিনেতার আচরণে পরিবর্তন আসে বলে উল্লেখ করেন অভিনেত্রী।

উল্লেখ্য, প্রিয়া বাপট ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। পরে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘কাকস্পর্শ’ এবং ‘টাইমপাস টু’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এছাড়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

বর্তমানে তিনি নতুন মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘ডালিম: দ্য মিথ’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।