বলিউড পেরিয়ে হলিউডে নিজের যোগ্যতায় আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার কোনো নতুন অর্জন নয়, বরং একটি মানচিত্র বিতর্কে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় দর্শকদের চোখে পড়ে তাঁর পেছনে টাঙানো ভারতের একটি মানচিত্র। সেখান থেকেই শুরু হয় বিতর্ক।
সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, মানচিত্রটিতে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অঞ্চলের উপস্থাপন সরকারি স্বীকৃত মানচিত্রের সঙ্গে মিলছে না বলে দাবি করেন অনেকে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কেউ প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় হিসেবে এমন মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দেওয়া কতটা যুক্তিযুক্ত। আবার কেউ সরাসরি তাকে দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন।
তবে অন্য এক অংশের মত ভিন্ন। তাদের মতে, তিনি সেখানে অতিথি হিসেবে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। পেছনে থাকা মানচিত্রের দায় তার ওপর বর্তায় না এবং বিষয়টি হয়তো তার নজরেই আসেনি।