হলিউডে একের পর এক সাফল্যের কারণে সময়টা দারুণ কাটছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। নতুন সিনেমা ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পে কাজ করে নিয়মিত আলোচনায় থাকছেন তিনি। এবার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার আয়োজন অস্কারের মঞ্চে আবারও দেখা যাবে এই তারকাকে।

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে অস্কারের ৯৮তম আসর। এই আয়োজনে প্রেজেন্টার হিসেবে আমন্ত্রণ পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। বলিউড পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর সাফল্যের তালিকায় এটি আরেকটি নতুন সংযোজন।

সম্প্রতি অস্কার কর্তৃপক্ষ প্রেজেন্টারদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি আরও কয়েকজন হলিউড তারকার নাম রয়েছে। তাদের মধ্যে আছেন উইল আরনেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, পল মেসকাল এবং গুইনেথ প্যালট্রো।

এর আগে একই অনুষ্ঠানের প্রেজেন্টার হিসেবে আরও কয়েকজন তারকার নাম ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন হাভিয়ের বারডেম, ক্রিস ইভান্স, ডেমি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, কিয়েরান কালকিন, মাইকি ম্যাডিসন এবং জো সালদানিয়া।

সুখবরটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। তবে অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে এটি তার প্রথম অভিজ্ঞতা নয়। এর আগে ২০১৬ সালেও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ও প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মতো আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চেও তাকে দেখা গেছে।

এদিকে অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার নতুন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

একই সঙ্গে পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। দীর্ঘ প্রায় ছয় থেকে সাত বছর পর এই ছবির মাধ্যমে আবারও ভারতীয় চলচ্চিত্রে বড় পরিসরে দেখা যাবে তাকে।