শিশুশিল্পী থেকে পূর্ণাঙ্গ নায়িকা এই পথচলায় ইতোমধ্যে আট বছর পার করেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা দম। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও বেশ তুঙ্গে।
এ উপলক্ষে সম্প্রতি তিনি অংশ নিয়েছেন পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। সেখানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং তাকে ঘিরে ছড়ানো বিভিন্ন গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা।
বিভিন্ন সময় প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শাকিব খান, সিয়াম আহমেদ এবং আদর আজাদ এর সঙ্গে পর্দার বাইরের সম্পর্কের গুঞ্জন উঠেছিল। সেই বিষয়গুলো নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী।
পডকাস্টে পূজা জানান, ব্যক্তিগত জীবনে সম্পর্ককে তিনি খুবই গুরুত্ব দেন। তিনি বলেন,
“সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনও চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনো একটা জায়গায় ভারসাম্য রাখা যাচ্ছে না, তাহলে সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।”
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। তবে পরিবারের সুখ ও সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছাড়তে প্রস্তুত আছেন।
আগামী ১৪ মার্চ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম এ প্রচার হবে এই বিশেষ পডকাস্ট। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।